ইরান চুক্তিতে রাজি না হলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী পুনরায় যুদ্ধ শুরু করার জন্য প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ার করে দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পেন্টাগনে মার্কিন সামরিক বাহিনী জয়েন্ট চিফস অব স্টাফ চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ব্রিফিংয়ে হেগসেথ বলেন, ইরান, তোমাদের সামনে একটি সমৃদ্ধ ভবিষ্যৎ বেছে নেওয়ার সুযোগ আছে।। আমরা আশা করি, তোমরা তা ইরানি জনগণের জন্য বেছে নেবে।

তিনি সতর্ক করে বলেন, কিন্তু ইরান যদি ভুল সিদ্ধান্ত নেয়, তাহলে তাদের ওপর অবরোধ আরোপ করা হবে এবং অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বোমা বর্ষণ করা হবে।

ইরানের অভ্যন্তরীণ সামরিক গতিবিধি মার্কিন নজরদারির মধ্যে রয়েছে দাবি করে তিনি বলেন, ‘এটি কোনো ন্যায্য লড়াই নয় এবং আপনারা কোন সামরিক সরঞ্জাম স্থানান্তর করছেন ও কোথায় নিয়ে যাচ্ছেন, তা আমরা জানি।’

ইরানি নেতাদের উদ্দেশে সরাসরি হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘আমরা তোমাদের প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করছি। আপনারা আপনাদের বাকি লঞ্চার ও মিসাইলগুলো খুঁড়ে বের করছেন ঠিকই, কিন্তু সেগুলো নতুন করে তৈরি বা প্রতিস্থাপন করার ক্ষমতা আপনাদের নেই’।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী আগের চেয়ে অনেক বেশি শক্তি নিয়ে পুনরায় প্রস্তুত হচ্ছে বলেও জানান তিনি।