ইন্দোনেশিয়ার পশ্চিম কালিমান্তান প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সবাই নিহত হয়েছেন। হেলিকপ্টারে মোট আটজন আরোহী ছিলেন। শুক্রবার (১৭ এপ্রিল) দেশটির কর্তৃপক্ষ এ খবর জানিয়েছেন। উদ্ধারকারী দলগুলো মৃতদেহ ও ধ্বংসাবশেষ উদ্ধারের চেষ্টা করছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, হেলিকপ্টারটিতে ছয়জন যাত্রী ও দুজন ক্রু সদস্য ছিলেন। দুর্ঘটনায় তাদের কেউই বেঁচে নেই। বর্তমানে উদ্ধারকারী দল নিহতদের মরদেহ ও ধ্বংসাবশেষ উদ্ধারের তৎপরতা চালাচ্ছে।
ইন্দোনেশিয়ার উদ্ধারকারী সংস্থার প্রধান মোহাম্মদ শাফি জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে মেলাউই এলাকার একটি বাগান থেকে উড্ডয়ন করার মাত্র পাঁচ মিনিট পর এয়ারবাস এইচ১৩০ মডেলের হেলিকপ্টারটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকেই সেটির খোঁজে তল্লাশি শুরু হয়।
শাফি আরও জানান, দুর্ঘটনা কবলিত স্থানটি অত্যন্ত ঘন জঙ্গল ও খাড়া পাহাড়ি এলাকা। যেখানে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল, সেখান থেকে প্রায় ৩ কিলোমিটার পশ্চিমে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে পায় উদ্ধারকারীরা। শুক্রবার সকাল থেকে সামরিক ও পুলিশ সদস্যসহ উদ্ধারকারীদের একটি বড় দল স্থলপথে দুর্ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
হেলিকপ্টারটি ‘ম্যাথিউ এয়ার নুসানতারা’ নামক প্রতিষ্ঠানের মালিকানাধীন ছিল এবং সেটি ইন্দোনেশীয় পাম তেল কোম্পানি ‘চিত্রা মাহকোটা’-র একটি বাগান থেকে উড্ডয়ন করেছিল। তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।











