দেশের ছয় জেলায় বজ্রপাতে একদিনে ১২ জনের প্রাণহানি হয়েছে। এতে আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। এর মধ্যে সুনমাগঞ্জে সবচেয়ে বেশি মানুষের প্রাণ গিয়েছে। সেখানে চার উপজেলায় পাঁচজন মারা গেছেন। এদের মধ্যে অধিকাংশই শনিবার দুপুরে হাওরে ধান কাটার সময় প্রাণ হারিয়েছেন। এ ছাড়া ময়মনসিংহ ও রংপুরে দুজন করে এবং নেত্রকোণা, হবিগঞ্জ ও কিশোরগঞ্জে একজন করে বজ্রপাতে নিহত হয়েছেন।
সুনামগঞ্জ
সুনামগঞ্জের চার উপজেলায় বজ্রপাতে পাঁচ কৃষকের মৃত্যু হয়েছে। দুপুরে তাহিরপুর, জামালগঞ্জ ও ধর্মপাশা উপজেলার পাগনার হাওর, মাটিয়ান হাওর, টগার হাওর ও দিরাই উপজেলার বরাম হাওরে এসব মৃত্যুর ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ধর্মপাশার হাবিবুর রহমান (৩০) ও রহমত উল্লা (১৫), জামালগঞ্জের নাজমুল হোসেন (২৬), তাহিরপুরে আবুল কালাম (২৫) ও দিরাইয়ের লিটন মিয়া (৩০)।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম, জামালগঞ্জ থানার ওসি বন্দে আলী, ধর্মপাশা থানার ওসি সহিদ উল্ল্যা, দিরাই থানার ওসি এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হবিগঞ্জ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ভাকৈর পূর্ব ইউনিয়নের মমিনা হাওরে দুপুরের দিকে জমিতে ধান কাটার সময় বজ্রপাতে সুনাম উদ্দিন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
নিহত সুনাম একই ইউনিয়নের রামপুর গ্রামের বাসিন্দা।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমীন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের জন্য সরকারি সহায়তার ব্যবস্থা করা হবে।
কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় বজ্রপাতে হলুদ মিয়া (৩৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত হলুদ মিয়া একই উপজেলার ৯ নম্বর জয়কা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর কলাবাগ গ্রামের নুরুল ইসলামের ছেলে।
করিমগঞ্জ থানার ওসি মো. এমরানুল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, বজ্রপাতে কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ময়মনসিংহ
ময়মনসিংহে দুই উপজেলায় পৃথক বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন গফরগাঁও এবং অপরজন গৌরীপুর উপজেলার বাসিন্দা।
বিকেল পৌনে ৩টার দিকে জেলার গৌরীপুর ও গফরগাঁও উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গৌরীপুর উপজেলার গৌরীপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামের ওলি মিয়ার ছেলে রহমত আলী উজ্জ্বল (৩০) ও গফরগাঁও উপজেলার উস্থি ইউনিয়নের ধাইরগাঁও গ্রামের বাসিন্দা মমতাজ আলী খান (৫৮)।
গৌরীপুর থানার ওসি কামরুল হাসান ও পাগলা থানার ওসি আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নেত্রকোনা
নেত্রকোনার আটপাড়া উপজেলায় হাওরে ধান কাটা অবস্থায় বজ্রপাতে আলতু মিয়া (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার ধলার হাওরে এ ঘটনা ঘটে।
নিহত আলতু মিয়া একই উপজেলার সুখারি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাতিয়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।
আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ্নূর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রাথমিকভাবে খোঁজ-খবর নিয়েছি। নিহত কৃষকের দাফনের যাবতীয় প্রক্রিয়ার জন্য তার পরিবারকে দ্রুত আর্থিক সহায়তা দেওয়া হবে।
রংপুর
রংপুর জেলার মিঠাপুকুরে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ থেকে ১২ জন।
সকাল ১১টায় মিঠাপুকুর উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের সখিপুর গ্রামে বজ্রপাতের সময় এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন- ওই এলাকার মৎস্যজীবী মিলন মিয়া অরেফ মিলাদ (৩৭) একই এলাকার কৃষক তালেব মিয়া (৫০)।
বজ্রপাতে দুজনের মৃত্যু খবর নিশ্চিত করে মিঠাপুকুর থানার ওসি নুরুজ্জামান বলেন, আহতরা মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন।












