বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য পুনর্র্নিধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অকটেনের দাম বেড়ে প্রতি লিটার ১৪০ টাকা এবং পেট্রোলের দাম ১৩৫ টাকা করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এই মূল্য সমন্বয়ের কথা জানানো হয়। পুনর্র্নিধারিত এই দাম আগামীকাল (১৯ এপ্রিল) থেকে সারাদেশে কার্যকর হবে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, অকটেন প্রতি লিটারে ২০ টাকা বেড়ে নতুন দাম হয়েছে ১৪০ টাকা, পেট্রোল প্রতি লিটার পেট্রোলে ১৯ টাকা বেড়ে নতুন দাম হয়েছে ১৩৫ টাকা, কেরোসিন প্রতি লিটারে ১৮ টাকা বেড়ে নতুন দাম হয়েছে ১৩০ টাকা, ডিজেল প্রতি লিটারে ১৫ টাকা বেড়ে নতুন দাম হয়েছে ১১৫ টাকা।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এই দাম কার্যকর হওয়ার ফলে রোববার থেকে দেশের সকল ফিলিং স্টেশন ও পরিবেশক পর্যায়ে এই নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রি করতে হবে।

এর আগে গত ৩১ মার্চ মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এপ্রিল মাসের জন্য ডিজেলের দাম প্রতি লিটার ১০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। এছাড়া কেরোসিন ১১২ টাকা, পেট্রোল ১১৬ টাকা এবং অকটেন ১২০ টাকা লিটার দরে বিক্রি হয়ে আসছিল। তারও আগে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুই দফায় ২ টাকা করে জ্বালানি তেলের দাম কমানো হয়েছিল। তবে বিশ্ববাজারের পরিস্থিতির কারণে এবার বড় অংকের মূল্যবৃদ্ধির পথে হাঁটল সরকার।