নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে নতুন এক কৌশল গ্রহণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিজ্ঞ পেসারদের বিশ্রাম দিয়ে তরুণদের পরখ করে দেখার লক্ষ্যে প্রথম দুই ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে আনা হয়েছে বড় চমক।

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে কুড়ি ওভারের লড়াই শুরু হতে যাচ্ছে আগামী ২৭ এপ্রিল থেকে। সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য মঙ্গলবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। ঘোষিত এই স্কোয়াডে সবচেয়ে বড় চমক পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইনের অন্তর্ভুক্তি। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন ২৮ বছর বয়সী এই ক্রিকেটার।

টানা খেলার ধকল সামলাতে এই সিরিজের প্রথম দুই ম্যাচে দেখা যাবে না দেশসেরা দুই পেসার মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদকে। তাদের সঙ্গে বিশ্রামে পাঠানো হয়েছে গতি তারকা নাহিদ রানাকেও। অভিজ্ঞদের অনুপস্থিতিতে পেস বিভাগকে নতুনভাবে সাজিয়েছেন নির্বাচকরা।

পেস ইউনিটে সাকলাইনের সঙ্গী হিসেবে দলে ফিরেছেন তরুণ পেসার রিপন মণ্ডল। ২০২৩ সালের এশিয়ান গেমসে দেশের হয়ে খেলার অভিজ্ঞতা থাকলেও মূল জাতীয় দলে নিজেকে থিতু করার জন্য এই সিরিজটি রিপনের সামনে বড় সুযোগ হিসেবে দেখা দিচ্ছে।

প্রথম দুই টি-টোয়েন্টির এই স্কোয়াডে নেতৃত্বের দায়িত্ব পালন করবেন লিটন কুমার দাস, আর তার ডেপুটি হিসেবে থাকছেন মোহাম্মদ সাইফ হাসান।

প্রথম দুই টি-টোয়েন্টির জন্য বাংলাদেশ স্কোয়াড:

লিটন কুমার দাস (অধিনায়ক), মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, মোহাম্মদ সাইফ হাসান (সহ-অধিনায়ক), শামীম হোসেন, তাওহীদ হৃদয়, কাজী নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মণ্ডল, মোহাম্মদ সাইফ উদ্দিন এবং আব্দুল গাফফার সাকলাইন।