শুল্কমুক্ত গাড়ির সুবিধা বাতিল করতে ‘সংসদ সদস্য পারিতোষিত ও ভাতাদি সংশোধন আইন-২০২৬’ এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার রাতে সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠকের পরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৭৩ সালের আদেশ অনুযায়ী সংসদ সদস্যরা এতদিন শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা পেয়ে আসছিলেন। তবে বর্তমান দেশীয় ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এই সুবিধা বাতিলের প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপন করা হলে তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

বৈঠকে আরও জানানো হয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও ঢাকা ওয়াসার আওতাভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও গাজীপুরের কালীগঞ্জ উপজেলার প্রকল্পভুক্ত অংশ প্রশাসনিক ও ভূমি ব্যবস্থাপনার স্বার্থে ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

এছাড়া বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ও সদস্য নিয়োগে বিদ্যমান বয়সসীমা সংক্রান্ত শর্ত বাতিল করা হয়েছে। এর ফলে নিয়োগে আর সর্বোচ্চ বয়সসীমার বাধা থাকবে না।

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় চা দিবস পালনের তারিখও পরিবর্তন করা হয়েছে। এখন থেকে ৪ জুনের পরিবর্তে প্রতি বছর ২১ মে বাংলাদেশে জাতীয় চা দিবস পালন করা হবে।