প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাকালুতে আরোহণ করেছেন বাবর আলী। বাংলাদেশ সময় শনিবার (২ মে) ভোর ৫টা ৪৫ মিনিটে তিনি নিজের পঞ্চম আটহাজারি পর্বত হিসেবে স্পর্শ করেন পৃথিবীর পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাউন্ট মাকালু।
নেপালের মহালাঙ্গুর হিমালয়ে অবস্থিত ৮ হাজার ৪৮৫ মিটার উচ্চতার এই শৃঙ্গে এটিই প্রথম কোনো বাংলাদেশির সাফল্য। শিখরে বাবরের সঙ্গে ছিলেন আং কামি শেরপা।
‘এক্সপিডিশন মাকালু দ্য ফিফথ ফ্রন্টিয়ার’ শীর্ষক এই অভিযানের আয়োজক পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স। অভিযানের পৃষ্ঠপোষকতায় ছিল ভিজুয়াল নিটওয়ারস লিমিটেড, সামুদা স্পেক কেম লিমিটেড, মাই হেলথ, চন্দ্রবিন্দু প্রকাশন, রহমান্স গ্রোসারিজ। ক্লাবের সভাপতি ফরহান জামান এবং নেপালের আউটফিটার মোহন লামসাল বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, ‘গ্রেট ব্ল্যাক ওয়ান’ নামে পরিচিত এই শৃঙ্গ জয়ের লক্ষ্যে বাবর ৭ এপ্রিল দেশ ছাড়েন। ৯ এপ্রিল টুমলিংটার হয়ে সেদুয়া গ্রামে পৌঁছে পায়ে হেঁটে ১৮ এপ্রিল বেস ক্যাম্পে যান। উচ্চতার সঙ্গে মানিয়ে নিতে ধাপে ধাপে ক্যাম্প ১ ও ক্যাম্প ২ এ অবস্থান করেন।

দ্বিতীয় দফায় ২৭ এপ্রিল আবারও অভিযানে উঠে ক্যাম্প ২ পর্যন্ত গিয়ে ফিরে আসেন। পরে অনুকূল আবহাওয়ার অপেক্ষা শেষে ৩০ এপ্রিল আবার চড়াই শুরু করেন। সেদিন ক্যাম্প ২ এবং পরদিন ক্যাম্প ৩ এ উঠে মাঝরাতে শিখরের উদ্দেশে যাত্রা করেন।
একটানা ১১শ মিটারের বেশি ভয়ানক চড়াই অতিক্রম করে ভোরে পৌঁছে যান শিখরে। বর্তমানে তিনি ক্যাম্প ২ এ অবস্থান করছেন এবং ৩ মে বেস ক্যাম্পে ফেরার কথা রয়েছে।
পেশায় চিকিৎসক বাবর আলীর পর্বতারোহণ শুরু ২০১৪ সালে। তিনি ভার্টিক্যাল ড্রিমার্সের প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমান সাধারণ সম্পাদক।
দীর্ঘ এক দশকে তিনি হিমালয়ের বেশ কিছু কঠিন শৃঙ্গে অভিযান করেছেন। ২০১৭ সালে ভারতের নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে তিনি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেন।
২০২২ সালে প্রথম বাংলাদেশি হিসেবে তিনি আমা দাবলাম আরোহণ করেন। ২০২৪ সালে প্রথম বাংলাদেশি হিসেবে একই অভিযানে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট ও চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ লোৎসে আরোহণ করেন।
২০২৫ সালের এপ্রিলে তিনি অন্নপূর্ণা-১ আরোহণ করেন। একই বছরের সেপ্টেম্বরে কোনো কৃত্রিম অক্সিজেন ছাড়াই আরোহণ করেন মাউন্ট মানাসলু। আট হাজার মিটার উচ্চতার শৃঙ্গে কোনো বাংলাদেশির এটিই প্রথম অক্সিজেনবিহীন আরোহণ।
বিশ্বের ১৪টি আট হাজার মিটারের বেশি উচ্চতার শৃঙ্গ অভিযানের যে লক্ষ্য বাবর আলী নির্ধারণ করেছেন, মাকালু জয় সেই যাত্রায় তার পঞ্চম বড় অর্জন।












