দেশের ক্রিকেটের এক সময়ের প্রভাবশালী ব্যক্তিত্ব ও সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এখন সুদূর লন্ডনে সাধারণ জীবনযাপন করছেন। দীর্ঘ প্রায় দুই বছর ধরে প্রবাসে থাকা পাপনের একটি নতুন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ছবিতে তাকে লন্ডনের একটি রাস্তায় বসে বেশ আয়েশ করে আইসক্রিম খেতে দেখা যাচ্ছে।

ছবিটা যেন শুধু একটি মুহূর্ত নয়, বরং সময়ের এক অদ্ভুত পালাবদলের প্রতীক। যে মানুষ একসময় দেশের ক্রিকেটের কেন্দ্রবিন্দু ছিলেন, আজ তিনি আলোচনায় অন্য এক কারণে, অন্য এক প্রেক্ষাপটে। ছবিটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই আলোচনা শুরু হয়।

এটি পোস্ট করেন সাংবাদিক অলিউল্লাহ নোমান। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় দৃশ্যটি, এতে কেউ বিস্মিত, কেউ নস্টালজিক, আবার কেউ সমালোচনায় মুখর। কারণ, এই দৃশ্যের সঙ্গে অনেকের মনে ভেসে ওঠে একেবারেই ভিন্ন এক পাপন-ক্ষমতার কেন্দ্রে থাকা, দৃঢ় উপস্থিতির এক প্রশাসক।

এই প্রথম নয়, প্রবাসজীবনে তার এমন সাধারণ মুহূর্তের ছবি এর আগেও সামনে এসেছে। কখনও লন্ডনের সুপারশপে, কখনও নিরিবিলি রাস্তায় হাঁটতে দেখা গেছে তাকে। কিন্তু এবারকার ছবিটি যেন বেশি কথা বলছে- সময়ের ব্যবধান, অবস্থানের পরিবর্তন আর জীবনের অনিশ্চয়তা নিয়ে।