ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (৬ মে) রাতে মধ্যমগ্রামের যশোর রোড সংলগ্ন দোহরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, একটি মোটরবাইকে এসে দুষ্কৃতীরা গাড়ি আটকে পরপর গুলি চালায়।
স্থানীয় সূত্র জানায়, রাতে চন্দ্রনাথের গাড়ির পিছু নেয় দুর্বৃত্তরা। মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় পৌঁছানোর পর গাড়ি লক্ষ্য করে পরপর চার রাউন্ড গুলি ছোড়া হয়। গুলিবিদ্ধ অবস্থায় চন্দ্রনাথকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
চন্দ্রনাথ রথের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলায় হলেও তিনি উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম এলাকায় বসবাস করতেন। রাজনৈতিক সূত্র জানিয়েছে, ভবানীপুর বিধানসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে শুভেন্দু অধিকারীর পক্ষে যে দল মাঠে কাজ করেছিল, চন্দ্রনাথ ও বুদ্ধদেব বেরা দুজনই সেই দলের সক্রিয় সদস্য ছিলেন।
হত্যাকাণ্ডের পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করেছে। তবে এই হত্যাকাণ্ডের পেছনে কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।












