আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার (৮ মে) সকাল থেকে বিভিন্ন বাস কোম্পানি অনলাইন ও কাউন্টার—দুই মাধ্যমেই টিকিট বিক্রি করছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এবার ২১ মে থেকে ঈদের আগ পর্যন্ত যাত্রার জন্য অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। ফলে যাত্রীরা এখন থেকেই দেশের বিভিন্ন রুটের বাসের টিকিট সংগ্রহ করতে পারছেন।

অগ্রিম টিকিট বিক্রি প্রসঙ্গে শ্যামলী এন আর ট্রাভেলস-এর জেনারেল ম্যানেজার জীবন চক্রবর্তী জানান, শুক্রবার সকাল থেকেই তাদের সব কাউন্টার ও অনলাইন প্ল্যাটফর্মে টিকিট বিক্রি শুরু হয়েছে।

তিনি বলেন, সবচেয়ে বেশি চাহিদা রয়েছে ২৪ মে রাতের, ২৫ মে সারাদিনের এবং ২৬ মে সকালের টিকিটে। সরকারি ছুটি ২৫ মে থেকে শুরু হওয়ায় ওই সময়ের টিকিট দ্রুত বিক্রি হচ্ছে।

তিনি আরও জানান, সকাল ১০টার মধ্যেই বেশ কয়েকটি রুটের অধিকাংশ অগ্রিম টিকিট বিক্রি হয়ে গেছে।

এদিকে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, বিআরটিএ নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া আদায়ের সুযোগ নেই। অনলাইন প্ল্যাটফর্মেও একই ভাড়া কার্যকর থাকবে।

সংগঠনটি আরও জানিয়েছে, প্রতিটি কাউন্টারে বিআরটিএ অনুমোদিত ভাড়ার তালিকা টাঙানো বাধ্যতামূলক করা হবে, যাতে যাত্রীরা সহজেই নির্ধারিত ভাড়া সম্পর্কে জানতে পারেন।