ইন্দোনেশিয়ার মাউন্ট ডুকোনো আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২০ জন পর্বতারোহী নিখোঁজ রয়েছেন। তাদের খুঁজে বের করতে অভিযান চালাচ্ছে দেশটির কর্তৃপক্ষ।
ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি ও ভূতাত্ত্বিক ঝুঁকি প্রশমন কেন্দ্র জানিয়েছে, শুক্রবার (৮ মে) স্থানীয় সময় সকাল ৭টা ৪১ মিনিটে আগ্নেয়গিরিটিতে অগ্ন্যুৎপাত শুরু হয়। এতে প্রায় ১০ কিলোমিটার উঁচু পর্যন্ত ছাইয়ের বিশাল কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের সময় প্রবল গর্জনধ্বনিও শোনা যায়।
স্থানীয় উদ্ধারকারী সংস্থার প্রধান ইওয়ান রামদানি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, অগ্ন্যুৎপাতের কবলে আটকে পড়া ২০ জন পর্বতারোহীকে খুঁজে বের করতে পুলিশসহ কয়েক ডজন উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। নিখোঁজদের মধ্যে ৯ জন সিঙ্গাপুরের নাগরিক।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, উত্তর হালমাহেরার পুলিশ প্রধান এরলিখসন পাসারিবু কম্পাস টিভিকে জানিয়েছেন, নিহত তিনজনের মধ্যে দুইজন বিদেশি নাগরিক।
আগ্নেয়গিরিটির সক্রিয়তা বেড়ে যাওয়ায় গত ১৭ এপ্রিল থেকেই ওই এলাকায় পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল। অগ্ন্যুৎপাতের মূল কেন্দ্র মালুপাং ওয়ারিরাং ক্রেটার থেকে অন্তত ৪ কিলোমিটার (২.৪ মাইল) দূরে থাকার জন্য বাসিন্দা ও পর্যটকদের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।











