লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশির নিহতের ঘটনায় কড়া ভাষায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই ঘটনায় আরও দুই বাংলাদেশি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

মঙ্গলবার (১২ মে) এক বিবৃতিতে এ নিন্দা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে সংঘাত বন্ধ করে আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানানো হয়।

এদিকে সোমবার রাতে পৃথক হামলায় আরও দুই বাংলাদেশি নিখোঁজ হওয়ার তথ্য দিয়েছেন লেবাননে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা। ওই দুজন হলেন- শুভ কুমার দাশ ও করিম মিয়া।

আর সোমবার দুপুরে নাবাতিয়ের যেব্দীন এলাকায় ইসরায়েলি হামলায় নিহত দুই বাংলাদেশি হলেন—সাতক্ষীরা সদর উপজেলার শফিকুল ইসলাম এবং একই জেলার আশাশুনি উপজেলার মো. নাহিদুল ইসলাম নাহিদ।

দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে তারা যখন লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়ের যেব্দীন এলাকায় তাদের বাসায় ছিলেন, তখন সেখানে ইসরায়েলি ড্রোন হামলা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রেমিট্যান্সযোদ্ধাদের মৃত্যুতে বাংলাদেশ দূতাবাস, বৈরুত গভীর শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

এদিকে দূতাবাসের শ্রম বিভাগের প্রথম সচিব মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, সোমবার রাতের হামলায় ওই এলাকায় থাকা বাংলাদেশিদের আবাসস্থল ক্ষতিগ্রস্ত হয়েছে। মরদেহ না পাওয়ায় দুই জনের মৃত্যু আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা যায়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর জঘন্য হামলায় দুই বাংলাদেশির মৃত্যুতে সরকার সর্বোচ্চ কড়া ভাষায় নিন্দা জানাচ্ছে। একই সঙ্গে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় সংশ্লিষ্টদের সঙ্গে কাজ করছে দূতাবাস।