আবেগতাড়িত কণ্ঠে ধারভাষ্যকার আতহার আলী খান বলছিলেন, ‘ফ্যান্টাস্টিক…ফ্যাবুলাস উইন, ইউ নেম ইট!’। সত্যিই তাই। পাকিস্তানকে টেস্টে আরও একবার হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ। সিলেট টেস্টের পঞ্চম দিনে ৭৮ রানের রোমাঞ্চকর এক জয় পেয়েছে টাইগাররা। এতে করে দুই ম্যাচের টেস্ট সিরিজ জিতেছে ২-০ ব্যবধানে।
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে এটিই প্রথম হোয়াইটওয়াশ করার কীর্তি বাংলাদেশের। এর আগে পাকিস্তানের মাটিতে তাদের ধবলধোলাই করেছিল টাইগাররা।
৪৩৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে জিততে হলে বিশ্ব রেকর্ড গড়তে হতো পাকিস্তানকে। ৭ উইকেটে ৩১৬ রানে গতকাল চতুর্থ দিন শেষ করে পাকিস্তান। আজ শেষ দিনে সমীকরণ ছিল, জয়ের জন্য পাকিস্তানকে করতে হবে ১২১ রান। আর বাংলাদেশকে জিততে হলে নিতে হবে বাকি ৭ উইকেট।
সকালের সেশনে ১১. ২ ওভারের খেলাতেই বাংলাদেশ এই চ্যালেঞ্জে জিতল। ৯৫.২ থেকে ৯৭.২ ওভারের মধ্যে (১৩ বল) বাকি ৩ উইকেট তুলে নেয় বাংলাদেশ। সাজিদ ও রিজওয়ানের ৫৪ রানের জুটি ভেঙে শুরুটা করেছিলেন তাইজুল। সাজিদকে তুলে নেন। পরের ওভারে প্রথম বলে রিজওয়ানকে (৯৪) ফেরান শরীফুল। তাইজুল পরের ওভারে বোলিংয়ে এসে আউট করেন খুররমকে।
১২০ রানে ৬ উইকেট নেন তাইজুল। টেস্টে এ নিয়ে ১৮ তম বার ইনিংসে ৫ উইকেট নিলেন। ৩৪.২ ওভার বল করে ১২০ রানের খরচায় ছয়টি উইকেট পেয়েছেন তিনি। এছাড়া দুটি উইকেট নেন নাহিদ রানা। আর একটি করে উইকেটের দেখা পেয়েছেন শরিফুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।
সিলেট টেস্টের শুরুতে ব্যাট করতে নেমে লিটন দাসের সেঞ্চুরি নিজেদের প্রথম ইনিংসে ২৭৮ রান করেছিল বাংলাদেশ। জবাবে ২৩২ রানে থামে পাকিস্তান। ফলে ৪৬ রানে লিড পায় স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৩৯০ রান করলে টার্গেট দাঁড়ায় ৪৩৭ রানে। কিন্তু পাকিস্তান অলআউট হয়েছে ৩৫৮ রানেই।











