২০২৬ বিশ্বকাপের জন্য ব্রাজিলের ২৬ সদস্যের চূড়ান্ত দলে জায়গা পাওয়ার পর নিজের আবেগ ধরে রাখতে পারেননি সুপারস্টার নেইমার জুনিয়র। দলে ডাক পাওয়ার অফিশিয়াল ঘোষণার পর পরই কান্নায় ভেঙে পড়েন এই ৩৪ বছর বয়সী অভিজ্ঞ ফরোয়ার্ড।

দীর্ঘ ইনজুরির ধাক্কা সামলে আন্তর্জাতিক মঞ্চে এমন প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দি এবং ঘনিষ্ঠ বন্ধুদের জড়িয়ে ধরে উদযাপনের একটি আবেগঘন ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি।

ব্রাজিলিয়ান কোচ কার্লো আনচেলত্তি যখন বিশ্বকাপের জন্য তার চূড়ান্ত দল ঘোষণা করছিলেন, তখন টিভির সামনে ব্যাকুল হয়ে অপেক্ষা করছিলেন নেইমার।

গোল ডটকমের প্রতিবেদনে জানা গেছে, ইনস্টাগ্রামে একটি আবেগঘন ভিডিও শেয়ার করেছেন নেইমার। সেখানে তাকে সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি ও ঘনিষ্ঠ বন্ধুদের মাঝে আবেগাপ্লুত অবস্থায় দেখা যায়।

ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, আমার জীবনের সবচেয়ে আবেগঘন ও সুখের দিনের একটি মুহূর্ত ইউটিউব চ্যানেলে আছে। ধন্যবাদ ব্রাজিল।

২০২৩ সালের অক্টোবর মাসে গুরুতর এসিএল ইনজুরিতে আক্রান্ত হওয়ার পর দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন নেইমার। কঠিন পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে এবার তিনি ফিরছেন নিজের চতুর্থ বিশ্বকাপ আসরে। ব্রাজিলের জার্সিতে এখন পর্যন্ত ১২৮ ম্যাচে ৭৯ গোল করে দেশটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েছেন এই ফরোয়ার্ড।

তবে বিশ্বকাপ স্কোয়াডে নেইমারের অন্তর্ভুক্তি নিয়ে সমালোচনাও কম হয়নি। এ বিষয়ে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি তার পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছেন।