রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার বিচার বিশেষ আদালত বসিয়ে ৫ থেকে ৭ দিনের ভেতর শেষ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২৪ মে) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সরকার পল্লবীর ঘটনায় আসলে অনেক আন্তরিকতা দেখিয়েছে, গতকাল প্রধানমন্ত্রীও বলেছেন। কিন্তু এরই মধ্যে আমরা দেখলাম যে গতকালই আবার কলাবাগানে একই ঘটনা ঘটেছে, আট বছরের শিশুর ক্ষেত্রে। যারা এ ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের কাছে সরকার কি আসলে সঠিক মেসেজটা দিতে পারছে না?
মন্ত্রী বলেন, এটা আসলে সামাজিক অবক্ষয়, সামাজিক মূল্যবোধ। এখানে সমাজ সংস্কারের দরকার। যেখানে সামাজিক মূল্যবোধকে তুলে ধরা দরকার, আমাদের ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে, কালচারের ভিত্তিতে। কিন্তু কিছু কিছু অপসংস্কৃতির আছর আমাদের সমাজে পড়েছে।
রামিসাকে ধর্ষণ এবং হত্যা করার পর আসামিকে সাত ঘণ্টার ভেতরে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সেই ১৬৪-এর স্টেটমেন্টে সহযোগী অপরাধী হিসেবে তার স্ত্রীকেও, তার নামও এসেছে; তাকেও গ্রেপ্তার করা হয়েছে।
আমরা খুব দ্রুততার সঙ্গে আদালতের অনুমতি নিয়ে ডিএনএ টেস্ট করিয়েছি। সেই টেস্ট তিনদিনের সময় লাগে, তিনদিনের মধ্যে সেটা সমাপ্ত হয়েছে। রিপোর্ট কালকে বিকেলে জমা হয়েছে। পোস্টমর্টেম রিপোর্টটা আমরা হাতে পেয়েছি ইতোমধ্যেই।
তিনি বলেন, আমরা একজন স্পেশাল পিপি নিয়োগ করেছি শুধুমাত্র এই মামলাটা ডিল করার জন্য। সবকিছু বিবেচনায় আমরা আশা করছি যে আজকের মধ্যে তো চার্জশিট দেওয়া হবেই এবং খুব সম্ভবত পাঁচ থেকে সাত দিনের ভেতরে এই বিচার কার্য সমাপ্ত হবে।
এসময় আরও বক্তব্য রাখেন তথ্য অধিদপ্তরেরর প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ। সংলাপে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি মাসউদুল হক। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।
অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান গণমাধ্যমকে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। আহতদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।











