ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির আশায় বিশ্ববাজারে তেলের দাম দ্রুত কমেছে এবং এশিয়ার শেয়ারবাজারে উত্থান দেখা গেছে। সোমবার (২৫ মে) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তেহরানের সঙ্গে একটি চুক্তি বেশিরভাগই চূড়ান্ত হয়েছে এবং শিগগিরই এর বিস্তারিত প্রকাশ করা হবে। তবে পরদিন তিনি আবার বলেন, আলোচকদের তাড়াহুড়া না করতে হবে।
সোমবার এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ৪.৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮.৫২ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৫ শতাংশ কমে ৯১.৭৬ ডলারে নামে।
ট্রাম্প আগেই জানিয়েছিলেন, সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হতে পারে। এই প্রণালি দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও তরল প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয়। সংঘাত শুরুর পর এটি কার্যত বন্ধ হয়ে যায়।
এই আশায় জাপানের নিক্কেই ২২৫ সূচক প্রথমবারের মতো ৬৫ হাজার পয়েন্ট ছাড়িয়ে ২.৯ শতাংশ বেড়েছে। জাপান ও দক্ষিণ কোরিয়া এই অঞ্চলের জ্বালানি সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে রয়েছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের জ্বালানি ও আর্থিক বাজার সোমবার ছুটির কারণে বন্ধ ছিল।











