পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সরকারি চাকরিজীবীদের আজ থেকে টানা সাত দিনের সরকারি ছুটি শুরু হয়েছে। এর আগে গতকাল রোববার (২৪ মে) ছিল শেষ কর্মদিবস। আজ থেকে সাত দিন অফিস-আদালতের কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২৮ মে বৃহস্পতিবার ঈদুল আজহা উদযাপিত হবে। ১ জুন থেকে খুলবে সরকারি অফিস।
ঈদের দীর্ঘ ছুটি পেয়ে এরই মধ্যে রাজধানী ছাড়তে শুরু করেছেন সরকারি চাকরিজীবীরা। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে অনেকেই গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে।
গত ১৪ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই ছুটির বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ঈদের আনন্দ সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং জরুরি রাষ্ট্রীয় ও নাগরিক সেবা সচল রাখতে বেশ কিছু সরকারি ও বেসরকারি খাতকে এই ছুটির আওতার বাইরে রাখা হয়েছে।
সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী, এই সাত দিন সুপ্রিম কোর্ট ও অধস্তন আদালতও বন্ধ থাকবে।
জরুরি পরিষেবা হিসেবে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহে নিয়োজিত কর্মীরা এই ছুটির সুবিধা পাবেন না। এ ছাড়া ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট সেবা এবং ডাক সেবায় নিয়োজিত যানবাহন ও কর্মীরাও কর্মস্থলে উপস্থিত থাকবেন।
এ ছাড়া বন্দরগুলোর কার্যক্রম সচল রাখতে সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত কর্মী ও যানবাহনগুলোকেও ছুটির আওতার বাইরে রাখা হয়েছে। ঈদের সাত দিনের ছুটিতে দেশের সব হাসপাতাল ও জরুরি সেবা কার্যক্রম সচল থাকবে। এছাড়াও ওষুধ ও চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন এবং এর কর্মীরাও নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করবেন।












