সন্ধ্যার পর থেকে হঠাৎ করেই বিভ্রাট দেখা দিয়েছে জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুক। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশেও দেখা দিয়েছে এমন সমস্যা। বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৮টার দিকে ফেসবুক বিভ্রাট দেখা দেয়। এতে বহু ব্যবহারকারী তাদের অ্যাকাউন্টে লগইন করতে সমস্যার মুখোমুখি হয়।

ব্যবহারকারীদের অভিযোগ, কারও ফেসবুক টাইমলাইন স্বাভাবিকভাবে লোড হচ্ছে না, আবার অনেকের অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে ম্যাসেঞ্জার থেকে লগআউট হয়ে যাচ্ছে। ফলে যোগাযোগ ও তথ্য আদান-প্রদানে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ অনেক ব্যবহারকারী তাদের ভোগান্তির কথা জানিয়ে পোস্ট করেছেন। অল্প সময়ের মধ্যেই বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

তবে এ বিভ্রাটের কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। প্রযুক্তিগত কোনো ত্রুটি নাকি অন্য কোনো কারণে এই সমস্যা দেখা দিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

ব্যবহারকারীরা এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন। যদিও মেটা বিজনেস স্ট্যাটাসে প্ল্যাটফর্মটিতে কোনো সমস্যা দেখানো হয়নি, তবে অসংখ্য ব্যবহারকারী সেই দাবির সঙ্গে দ্বিমত পোষণ করেছেন।

ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, শুক্রবার রাত পৌনে ৮টার দিকে ফেসবুক বিভ্রাট সংক্রান্ত ৪১ হাজার ৫০০টিরও বেশি অভিযোগ জমা পড়ে।