ফিফা বিশ্বকাপে ‘এল’ গ্রুপের ম্যাচে শেষ মূহুর্তের নাটকীয়তায় পানামাকে ১-০ ব্যবধানে হারিয়েছে ঘানা। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে জয়সূচক গোলটি করেন মিডফিল্ডার ক্যালেব ইরেনকি।

এই জয়ে গ্রুপের দুই নম্বরে উঠে আসল ঘানা। আজ ভোরে গ্রুপের অন্য ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়েছে ইংল্যান্ড। তিন পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থ্রি লায়ন্সরা, গোল ব্যবধানে দুই নম্বরে ঘানা, তিনে পানামা আর তলানিতে ক্রোয়েশিয়া।

কানাডার টরন্টো স্টেডিয়ামে ম্যাচের ৬২ শতাশ বল পজেশন ছিল পানামার দখলে। র‍্যাঙ্কিংয়ের ৩৪ নম্বর দলটি পুরো ম্যাচে ১১ টি শট নিয়েছে, যার মধ্যে লক্ষ্যে ছিল ৪টি। মাত্র ৩৮ শতাংশ বল নিজেদের পায়ে রাখতে পেরেছে ৭৩ নম্বর র‍্যাঙ্কিংয়ে থাকা ঘানা। তাদের নেওয়া ৮ টি শট থেকে লক্ষ্যে ছিল ২টি।

পঞ্চমবারের মতো বিশ্বকাপ খেলা ঘানা ২০১০ সালের কোয়ার্টার ফাইনালের স্মৃতিকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্যে এবার মাঠে নামে। তবে ম্যাচের আগেই বড় ধাক্কা খায় তারা। ভিসা জটিলতায় মিডফিল্ডার থমাস পার্টেকে কানাডায় প্রবেশের অনুমতি না দেওয়ায় তিনি এই ম্যাচে খেলতে পারেননি।

ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত ফুটবল খেলেছে পানামা। মাত্র দ্বিতীয় মিনিটেই আমির মুরিলোর চমৎকার পাস থেকে সেসিলিও ওয়াটারম্যানের নিশ্চিত গোল করার প্রচেষ্টা ডাইভিং সেভের মাধ্যমে রুখে দেন ঘানার গোলকিপার লরেন্স আতি জিগি। তবে প্রথমার্ধের শেষের দিকে এক সংঘর্ষে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন ঘানার এই গোলকিপার। দ্বিতীয়ার্ধে তাঁর জায়গায় পোস্ট সামলান দ্বিতীয় পছন্দের গোলরক্ষক বেঞ্জামিন আসারে।

৬০ মিনিটে পানামার মার্টিনেজ গোল করার কাছাকাছি পৌঁছেও একদম কোণাকুণি শট নিয়ে বল সাইড-নেটে মারেন। এরপর ঘানাও আক্রমণের ধার বাড়ায়। জোনাস আদজেতের এক চমৎকার হেড পানামার গোলকিপার অরল্যান্ডো মস্কেরা দারুণভাবে ফিরিয়ে দেন। একটু পরেই থমাস-আসান্টের বাড়িয়ে দেওয়া নিচু ক্রসে জর্ডান আইয়ু পা ছোঁয়াতে যাওয়ার আগেই পানামার ডিফেন্ডার জিওভানি স্লাইড করে বল কর্নারের বিনিময়ে রক্ষা করেন।

নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোলের দেখা পায়নি। ম্যাচ যখন নিশ্চিত ড্রয়ের দিকে এগোচ্ছিল, তখনই কাউন্টার অ্যাটাক থেকে ঘানার ফরোয়ার্ড ব্র্যান্ডন থমাস-আসান্তে ডান দিক দিয়ে বিদ্যুৎ গতিতে বল নিয়ে পানামার বক্সে ঢোকেন। ডিফেন্ডারদের বোকা বানিয়ে দারুণ এক নিখুঁত পাস বাড়ান বক্সে ওত পেতে থাকা ইরেনকির দিকে। চলন্ত বলে আলতো টোকায় বল জালে জড়ালে উল্লাসে মাতে ঘানা।

আগামী ২৩ জুন বোস্টনে ইংল্যান্ডের মুখোমুখি হবে ঘানা। একই দিনে টরন্টোতে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে পানামা।