মরক্কোর সঙ্গে প্রথম ম্যাচে পয়েন্ট হারানোর হতাশা ঝেড়ে ফেলে হাইতির বিপক্ষে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে শনিবার (২০ জুন) হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিলো কার্লো আনচেলত্তির দল। এই জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষস্থান দখল করেছে সেলেসাওরা।
ম্যাথিউস কুনহার জোড়া গোলে প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা। দ্বিতীয়ার্ধে কোনো গোল না পেলেও পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করেছে সেলেসাওরা।
ম্যাচের শুরু থেকেই হাইতির রক্ষণভাগকে চাপে রাখে ব্রাজিল। যদিও ১২ মিনিটে রাফিনিয়ার একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। মিনিট দশেক পরে অবিশ্বাস্যভাবে সহজ একটি সুযোগ নষ্ট করেন বার্সেলোনার এই ফরোয়ার্ড। তবে সব হতাশা পাশ কাটিয়ে অবশেষে ২৩ মিনিটেই গোলের দেখা পায় ব্রাজিল। ভিনিসিয়ুসের শট হাইতি গোলরক্ষক জনি প্লাসিড ঠেকালেও ফিরতি বলে লক্ষ্যভেদ করেন মাতেউস কুনহা।
প্রথম গোলের পর ব্রাজিলের আক্রমণ আরও ধারালো হয়ে ওঠে। ৩৬ মিনিটে ভিনিসিয়ুসের অ্যাসিস্টে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন কুনহা। ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ভিনির বাড়ানো ডিফেন্সচেরা থ্রু পাস থেকে বাঁ পায়ের শটে বল জালে জড়ান। এর চার মিনিট পর চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে রাফিনিয়াকে। তার পরিবর্তে মাঠে নামেন ১৯ বছর বয়সী উইঙ্গার রায়ান।
এরপর প্রথমার্ধের যোগ করা সময়ের ৩ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র নিজে গোলরক্ষকের দুই পায়ের ভেতর দিয়ে বল পাঠিয়ে অসাধারণ এক ফিনিশিংয়ে ব্যবধান ৩-০ করেন।
দ্বিতীয়ার্ধে রক্ষণ সামলে আক্রমণের ধার বজায় রাখে ব্রাজিল। ৬৪ মিনিটে জোড়া গোল করা কুনহা এবং লুকাস পাকেতাকে তুলে নিয়ে এনদ্রিক ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে মাঠে নামান কোচ আনচেলত্তি।
শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৩-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল। দুই ম্যাচ শেষে চার পয়েন্ট নিয়ে মরক্কোর সমান অবস্থানে থাকলেও উন্নত গোল ব্যবধানে গ্রুপের শীর্ষে উঠে এসেছে আনচেলত্তির শিষ্যরা।












