টরন্টো স্টেডিয়ামে নাটকীয় এক ম্যাচে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে জার্মানি। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে বদলি ফরোয়ার্ড ডেনিজ উনদাভ জোড়া গোল করে দলকে দুর্দান্ত জয় এনে দেন।
শুরু থেকেই আইভরিকোস্টের ওপর চড়াও হয়ে খেলতে থাকে জার্মানি। ম্যাচের শুরুর দিকেই একবার বল জালে জড়িয়ে উল্লাসে মেতেছিল জার্মানরা। তবে রেফারি ফাউলের কারণে সেই গোলটি বাতিল করে দেন। এরপর ম্যাচের ৩০ মিনিটে উল্টো গোল হজম করে বসে ডাই ম্যানশাফটরা। জার্মান বক্সের ভেতর এক জটলার সুযোগ নিয়ে ফিরতি বলে দুর্দান্ত শটে আইভরিকোস্টকে এগিয়ে নেন অভিজ্ঞ মিডফিল্ডার ফ্রাঙ্ক কেসি।
পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া জার্মানি আবারও আইভরিকোস্টের জালে বল পাঠিয়েছিল। কাই হাভার্টজের নেওয়া শটটি জালে জড়ালেও রেফারি পুনরায় গোলটি বাতিল ঘোষণা করেন। কারণ, শট নেওয়ার ঠিক কয়েক সেকেন্ড আগে আইভরি কোস্টের ডিফেন্ডার ইমানুয়েল আগবাদু ফাউলের শিকার হয়েছিলেন। ফলে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় ন্যাগলসম্যানের শিষ্যরা।
দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে ম্যাচের গতি বদলে দেন ডেনিজ উনদাভ। ৬৮তম মিনিটে নাদিয়েম আমিরির ক্রসে দারুণ ভলিতে সমতা ফেরান তিনি।
এরপর ম্যাচের শেষ দিকে দুই দলই একাধিক সুযোগ নষ্ট করে। ৮৮তম মিনিটে আইভরি কোস্ট গোলের সুযোগ হাতছাড়া করলে ম্যাচে উত্তেজনা চরমে পৌঁছায়।
যোগ করা সময়ে ৯৪তম মিনিটে আবারও আঘাত হানেন উনদাভ। ফেলিক্স এনমেচার পাস থেকে বক্সের ভেতর ফাঁকায় পাওয়া বল জালে ঠেলে দেন তিনি, নিশ্চিত করেন জার্মানির ২-১ জয়।
উনদাভের জোড়া গোলে ম্যাচ জিতে ‘ই’ গ্রুপের শীর্ষে থেকে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে জার্মানি। অন্যদিকে তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আইভরিকোস্ট।












