জোড়া গোল করে আবারও ব্রাজিলের জয়ে বড় ভূমিকা রাখলেন ভিনিসিয়ুস জুনিয়র। তার দুর্দান্ত নৈপুণ্যে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ ‘সি’র চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

বৃহস্পতিবার (২৫ জুন) যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে ৬৪ হাজারের বেশি দর্শকের সামনে অনুষ্ঠিত ম্যাচে, শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে কার্লো আনচেলত্তির দল। এই জয়ে সাত পয়েন্ট নিয়ে গ্রুপ ‘সি’-এর শীর্ষে থেকে শেষ ৩২ নিশ্চিত করেছে ব্রাজিল। একই গ্রুপ থেকে রানার্সআপ হিসেবে পরের রাউন্ডে উঠেছে মরক্কো।

ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে সেলেসাওরা। ম্যাচের ৮ মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। তরুণ উইঙ্গার রায়ানের চাপে স্কটল্যান্ডের ডিফেন্ডার স্কট ম্যাকেনা বল নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সুযোগ লুফে নেন ভিনিসিয়ুস জুনিয়র। গোলরক্ষক অ্যাঙ্গাস গানকে কাটিয়ে সহজেই বল জালে পাঠান তিনি।

২৫ মিনিটে আবারও স্কটল্যান্ডের জালে বল পাঠান ভিনি। তবে ভিএআর পর্যালোচনায় গোলের আগে ফাউলের প্রমাণ পাওয়ায় সেটি বাতিল করা হয়।

তবে প্রথমার্ধের যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোলটি ঠিকই আদায় করে নেন ব্রাজিলিয়ান এই তারকা। ব্রুনো গিমারাইসের ক্রস থেকে হেডে বল জালে জড়িয়ে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। চলতি বিশ্বকাপে এটি ভিনিসিয়ুসের চতুর্থ গোল।

দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রাখে ব্রাজিল। ৬৩তম মিনিটে গিমারেইসের আরেকটি অ্যাসিস্ট থেকে গোল করেন মাতেউস কুনিয়া। টুর্নামেন্টে এটি তার তৃতীয় গোল।

তবে, ম্যাচের সবচেয়ে বড় মুহূর্ত আসে শেষ দিকে। ২০২৩ সালের অক্টোবরের পর, ৯৮১ দিন পরে প্রথমবারের মতো জাতীয় দলের জার্সিতে মাঠে নামেন নেইমার। বদলি হিসেবে মাঠে নামার সময় গ্যালারিজুড়ে করতালিতে তাকে স্বাগত জানান সমর্থকেরা।

এদিকে, পুরো ম্যাচে তেমন কোনো প্রতিরোধ গড়তে পারেনি স্কটল্যান্ড। আর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে ক্লিনশিট উপহার দেন ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন বেকার।

এই জয়ে বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে নিজেদের শক্ত অবস্থানের জানান দিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আর ভিনিসিউসও টুর্নামেন্টে চার গোল করে গোলদাতাদের তালিকায় উঠে এসেছেন শীর্ষ সারিতে।