পবিত্র আশুরা উপলক্ষে ৬১ হিজরির কারবালার মর্মান্তিক ঘটনার স্মরণে রাজধানীর পুরান ঢাকায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। শুক্রবার (২৬ জুন) সকালে হোসেনি দালান ইমামবাড়া থেকে শুরু হওয়া এই মিছিলে অংশ নেন হাজারো শোকাহত মানুষ। কালো পোশাকে আবৃত মানুষের ‘হায় হোসেন, হায় হোসেন’ মাতম ও বুক চাপড়ানোর ধ্বনিতে ভারী হয়ে ওঠে আশপাশের পুরো এলাকা।

প্রতিবছরের মতো এবারও আশুরার প্রধান এই মিছিলটি হোসেনি দালান থেকে বের হয়ে বকশীবাজার, লালবাগ, আজিমপুর, নীলক্ষেত ও সায়েন্স ল্যাব হয়ে ধানমণ্ডির প্রতীকী ‘কারবালা’ প্রাঙ্গণে গিয়ে শেষ হবে। মিছিলে অংশ নেওয়া বিভিন্ন বয়সী মানুষের হাতে ছিল নিশান, আলম ও দুলদুল ঘোড়ার প্রতীক।

আজ দুপুর গড়াতেই মিছিল শেষে হোসেনি দালানে ‘ফাকা শিকানি’ শিরনি বিতরণ করা হবে এবং সন্ধ্যায় ‘শামে গারিবা’ নামক বিশেষ মজলিশ অনুষ্ঠিত হবে, যেখানে কারবালার স্মরণে আলো নিভিয়ে শোক পালন করা হবে।

হোসেনি দালান ছাড়াও মোহাম্মদপুর শিয়া মসজিদ ও বড় কাটারা ইমামবাাড়াসহ রাজধানীর প্রায় ৩০টি স্থানে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচি চলছে। তাজিয়া মিছিল নির্বিঘ্ন করতে সোয়াটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিশ্ছিদ্র নিরাপত্তা বজায় রেখেছেন।