মালয়েশিয়ায় অবস্থানরত অনিয়মিত বাংলাদেশি কর্মীদের জন্য বৈধ হওয়ার নতুন সুযোগ তৈরি হয়েছে। একইসঙ্গে দেশটি থেকে নতুন কর্মী নিয়োগের প্রক্রিয়া পুনরায় চালুর বিষয়েও ইতিবাচক সম্মতি মিলেছে। দ্বিপক্ষীয় আলোচনার ভিত্তিতে প্রবাসী কর্মীদের কর্মসংস্থান ও আইনি সুরক্ষার এই সম্ভাবনা তৈরি হয়।

মালয়েশিয়া ও চীন সফর শেষে শনিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে মালয়েশিয়া বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছেন এবং আসিয়ানে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে মালয়েশিয়া সমর্থন দেবে বলেও দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে।

তিনি আরও বলেন, মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক কোন পর্যায়ে পৌঁছেছে তা দেশটির প্রধানমন্ত্রীর শেয়ার করা ‘মহাজাদু’ গানেই বোঝা গেছে।

চীন সফর নিয়ে তিনি বলেন, তিস্তা প্রকল্পে চীন সর্বোচ্চ সহায়তা করবে। এ বিষয়ে ফিজিবিলিটি স্টাডিজ ত্বরান্বিত করতে একমত হয়েছে দুই দেশ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, পূর্বের সম্পর্ক ছাড়িয়ে এবারের সফরে চায়না-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ বন্ধুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে।