এক যুগ পর বিশ্বকাপের নকআউটে ওঠে আশার বার্তা দিয়েছিল জার্মানি। তবে দীর্ঘ ১২ বছর অপেক্ষার পর গ্রুপ পর্ব পেরোলেও যাত্রাটা দীর্ঘ করতে পারলো না চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্যারাগুয়ের বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচে টাইব্রেকারে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে হুলিয়ান নাগলসম্যানের শিষ্যরা।
নির্ধারিত নব্বই মিনিটে প্যারাগুয়ে-জার্মানির ম্যাচটি ১-১ সমতায় শেষ হওয়ার পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। তবে ত্রিশ মিনিট পরও খেলার ফল না আসায় ম্যাচের নিয়তি নির্ধারিত হয় টাইব্রেকারে। আর স্পট কিকের নাটকীয়তায় হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে জার্মানদের।
নির্ধারিত সময়ের ৪২ মিনিটে জুলিও এনকিসোর হেডে প্যারাগুয়ে এগিয়ে গেলেও, ৫৪ মিনিটে কাই হ্যাভার্জের গোলে সমতায় ফেরে জার্মানি। এরপর অতিরিক্ত সময়েও ১-১ স্কোরের কোনো পরিবর্তন না হওয়ায় ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে।
সেখানে জার্মানির কাই হ্যাভার্জ ও নিকো ওল্টারমেডের শট রুখে দিয়ে প্যারাগুয়ের জয়ের নায়ক বনে যান গোলরক্ষক অরল্যান্ডো গিল। শেষ শটে জোসে ক্যানেলের লক্ষ্যভেদে নিশ্চিত হয় প্যারাগুয়ের ঐতিহাসিক জয়। ২০০২ সালের বিশ্বকাপে জার্মানির কাছে শেষ ১৬-তে হারের ২৪ বছর পর মধুর প্রতিশোধ নিল দক্ষিণ আমেরিকান দেশটি।
আগামী ৪ জুলাই ফিলাডেলফিয়ায় শেষ ষোলোর ম্যাচে ফ্রান্স বনাম সুইডেন ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে প্যারাগুয়ে।












