নতুন তিনটি উপজেলা এবং একটি নতুন থানা গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।
গতকাল ( ৩০ জুন) মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিকার–এর ১২১তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত নতুন উপজেলা তিনটি হলো—চট্টগ্রামের ‘ফটিকছড়ি উত্তর’, কুমিল্লার ‘বাঙ্গরা’ এবং ময়মনসিংহের ‘দক্ষিণ গফরগাঁও’। এর মধ্যে ফটিকছড়ির ৬টি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’, মুরাদনগরকে বিভক্ত করে ‘বাঙ্গরা’ এবং গফরগাঁওয়ের পাগলা থানার ৮টি ইউনিয়ন নিয়ে ‘দক্ষিণ গফরগাঁও’ উপজেলা গঠন করা হয়েছে।
এছাড়া চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে ‘হালদা’ নামে একটি নতুন থানা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠকে প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে রাজউকের আওতাধীন ‘পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প’ এলাকার নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলা অংশগুলোকে ঢাকার অন্তর্ভুক্ত করার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উচ্চপর্যায়ের এই বৈঠকে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবেরা উপস্থিত ছিলেন।












