দেশজুড়ে আজ থেকে শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রের পাশাপাশি একই সাথে মাদ্রাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষাও অনুষ্ঠিত হচ্ছে।
এবার মোট ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে। যার মধ্যে ঢাকা বোর্ডে সর্বোচ্চ ৩ লাখ ৩৯৩ জন পরীক্ষার্থী রয়েছে। আগামী ৮ আগস্ট লিখিত এবং ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে।
পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে এবার প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং মন্ত্রণালয়ে কেন্দ্রীয় মনিটরিং সেল গঠন করা হয়েছে। এমনকি কেন্দ্রে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।
পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ বাধ্যতামূলক করা হলেও বিশেষ ক্ষেত্রে দেরিতে আসাদের তথ্য রেজিস্টারে রেখে সুযোগ দেওয়া হবে।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, সংশোধিত পাবলিক পরীক্ষা আইনের আওতায় এবার কোনো অনিয়ম বা নকলের বিষয়ে ছাড় দেওয়া হবে না।
এদিকে ডিএমপি পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে এবং যানজট এড়াতে পরীক্ষার্থীদের সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ দিয়েছে। এছাড়া বিশেষ বিবেচনায় সেভেন্থ-ডে অ্যাডভেন্টিস্ট সম্প্রদায়ের পরীক্ষার্থীদের শনিবারের পরীক্ষা সূর্যাস্তের পর নেওয়া হবে।












