সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ থেকে প্রায় ১৯ কেজি সোনার বার উদ্ধার করা হয়েছে। ঢাকা কাস্টম হাউস এই তথ্য নিশ্চিত করেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি (বিজি-১৪৮) আজ সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বলে জানায় ঢাকা কাস্টম হাউস।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া সোনার মোট ওজন প্রায় ১৯ কেজি এবং এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ কোটি টাকা। অভিযানটি পরিচালনা করে গোয়েন্দা সংস্থা, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং কাস্টমস কর্তৃপক্ষের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল।
তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
উদ্ধার হওয়া সোনার উৎস, কার্গো হোলে কীভাবে এগুলো রাখা হয়েছিল এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানা গেছে।












