সরকারি যেকোনো অনুষ্ঠানের প্রচারে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার। এই সিদ্ধান্ত আজ থেকেই বাস্তবায়নের নির্দেশ দিয়ে সব সচিবকে চিঠি দেওয়া হয়েছে।
আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এই নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতকৃত ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি (থ্রিডি বা অন্য কোনো আঙ্গিকে) ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো।
পরিপত্রে বলা হয়েছে, সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন বা বিলবোর্ডে থ্রিডি কিংবা অন্য কোনো আঙ্গিকে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা যাবে না। পাশাপাশি প্রচারণামূলক উপকরণের নকশা এমনভাবে প্রস্তুত করতে হবে, যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়।
এতে আরও বলা হয়েছে, প্রচারণাসামগ্রী প্রস্তুতের ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকেই সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে এবং প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন নিশ্চিত করতে হবে।
পরিপত্রে মন্ত্রিপরিষদ বিভাগ বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানিয়ে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা এবং মাঠপর্যায়ের কর্মকর্তাদের এ নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের অনুরোধ জানিয়েছে।












