খাগড়াছড়ি জেলার সীমান্তবর্তী উপজেলা পানছড়ি উপজেলায় তিন যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়া আরও দুজনকে অপহরণ করে নিয়ে যাওয়ার খবর মিলেছে। সোমবার (৬ জুলাই) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার পূজগাং এলাকার মধুমঙ্গল পাড়ায় এ ঘটনা ঘটে।
জানা যায়, পাঁচজন যুবক একটি টমটমযোগে পানছড়ির দিকে যাচ্ছিলেন। পথে আগে থেকে ওৎ পেতে থাকা সশস্ত্র দুর্বৃত্তরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তিনজনকে গুলি করে হত্যা করা হয়। হামলার পর বাকি দুইজনকে দুর্বৃত্তরা জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে জানা গেছে।
এখন পর্যন্ত নিহত ও অপহৃতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া হামলার পেছনের কারণ এবং কারা এ ঘটনায় জড়িত, সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
নিহতের বিষয়ে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, ৩ জন নিহতের খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানা যাবে।












