ইউক্রেনের ক্রিভি রিহ শহরের শপিং মলে দুই দফা ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ১৬ জন ইউক্রেনীয় নিহত হয়েছেন। ৩৫তম স্বাধীনতা দিবস পালনের মাত্র তিন দিন আগের এই হামলায় আরও ১৩০ জন আহত হয়েছেন যাদের মধ্যে ২৩ শিশু রয়েছে। আহতদের মধ্যে পাঁচ শিশুসহ ২৯ জনের অবস্থা গুরুতর। আগামী সোমবার ৩৫তম স্বাধীনতা দিবস পালন করবে ইউক্রেন।

শনিবার (২১ আগস্ট) ভোর নাগাদ পাওয়া তথ্য মতে, এখনও ৯ জন নিখোঁজ রয়েছে। এদের মধ্যে থাকা দুই শিশুসহ নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে বলে সংবাদ প্রকাশ করেছে দ্য কিয়েভ পোস্ট ও ইউক্রেনিফর্ম।

ডিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের প্রধান ওলেক্সান্দর হানঝা জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ১৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছিল। পরে উদ্ধার ও তল্লাশি অভিযান চলার সময় ধ্বংসস্তূপ থেকে আরো একটি মরদেহ উদ্ধার করা হয়।

এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়ায়। হানঝা জানান, ক্রিভি রিহর ওই শপিং মলে এখনো নয়জন নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে দুটি শিশু রয়েছে। ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জেলেনস্কির ভাষ্য অনুযায়ী, প্রথম হামলার পর যখন জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছিলেন, তখন দ্বিতীয় হামলা চালানো হয়। এই হামলায় ঘটনাস্থলে থাকা জরুরি সেবাকর্মীদের লক্ষ্য করা হয় বলে তিনি অভিযোগ করেন। বিবিসি যাচাই করা একটি ভিডিওতে দেখা গেছে, আগে থেকেই আগুনে জ্বলতে থাকা শপিং মলে দ্বিতীয় একটি ড্রোন আঘাত করছে।

তবে এ হামলার বিষয়ে রাশিয়ার সামরিক বাহিনী কোনো মন্তব্য করেনি। হানঝা এর আগে জানিয়েছিলেন, হামলায় আহত ১৩০ জনের মধ্যে ২৯ জনের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে ২৩ জন শিশু রয়েছে। উদ্ধারকাজে সহায়তার জন্য ইউক্রেনের আরো চারটি অঞ্চল থেকে জরুরি ভিত্তিতে উদ্ধারকারী দল ক্রিভি রিহতে পাঠানো হচ্ছে। ক্রিভি রিহর মেয়র ওলেক্সান্দর ভিলকুল বলেন, হামলার সময় রাশিয়ার ড্রোনগুলো ‘অত্যন্ত নিচু দিয়ে’ উড়ছিল। তিনি হামলাকারীদের তীব্র নিন্দা করে তাদের ‘পশু’ বলে মন্তব্য করেন। মেয়র আরো বলেন, কিছু মানুষ নিখোঁজ রয়েছেন এবং তাদের ফোনে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। ক্রিভি রিহতে হামলার পাশাপাশি ইউক্রেনের আরো কয়েকটি এলাকাতেও রুশ হামলার খবর পাওয়া গেছে।

দক্ষিণাঞ্চলীয় মাইকোলাইভ অঞ্চলে পৃথক রুশ হামলায় চারজন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, নিহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে। উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলেও রুশ হামলায় আরো দুজন নিহত হয়েছেন। দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝঝিয়া শহরে একটি ট্যাক্সির কাছে ড্রোন বিস্ফোরিত হলে তিনজন আহত হন বলে জানিয়েছেন আঞ্চলিক প্রধান।

এর এক দিন আগে ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রাশিয়া। রাতভর চালানো ওই হামলায় ১৭ জন নিহত এবং ৪০ জনের বেশি আহত হন। স্থানীয় কর্মকর্তারা জানান, শহরের বিভিন্ন এলাকায় আবাসিক ভবন ও গুদাম লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে একটি শিশু হাসপাতাল ও একটি স্কুলও ক্ষতিগ্রস্ত হয়।