জুলাই শহীদদের আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তাদের রক্তের ঋণ শোধ করার একমাত্র উপায় হলো গণতন্ত্র, ন্যায়বিচার এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্রের কাঙ্ক্ষিত পরিবর্তন নিশ্চিত করা।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর সার্কিট হাউস রোডে ডিএফপি অডিটোরিয়ামে এক প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল আক্ষেপ প্রকাশ করে বলেন, দেশ স্বাধীন হওয়ার ৫৫ বছর পার হলেও মানুষের জীবনমানের কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক। ক্ষমতায় বসার পরপরই ক্ষমতাসীনদের মাঝে ক্ষমতা আঁকড়ে ধরার প্রবণতা কাজ করে। এই পুরনো শাসন ব্যবস্থার পরিবর্তনের জন্যই জুলাই আন্দোলনে তরুণরা বুকের রক্ত ঢেলে দিয়েছিল। সেই ত্যাগ ধারণ করে সমাজ পরিবর্তনের চেষ্টা না করলে এই রক্ত বৃথা যাবে।
আলোচনা সভায় উপস্থিত তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনও জুলাই গণঅভ্যুত্থান ও আন্দোলন নিয়ে কেউ যেন নিজস্ব স্বার্থ চরিতার্থ বা ব্যবসা করতে না পারে, সে বিষয়ে সকলকে সজাগ থাকার আহ্বান জানান।












