দেড় যুগ ধরে দেশের পাঠকদের কাছে নির্ভুল, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসা নির্ভরযোগ্য সংবাদমাধ্যম দৈনিক তরুণ কণ্ঠ–এর ওয়েবসাইটে www.dailytorunkantho.com হঠাৎ করে র‍্যানসমওয়্যার–জাতীয় একটি বার্তা দেখা যাওয়ায় উদ্বেগের সৃষ্টি হয়েছে।

ওয়েবসাইটে প্রবেশ করলেই ব্যবহারকারীদের সামনে একটি বার্তা প্রদর্শিত হচ্ছে, যেখানে ফাইল পুনরুদ্ধারের জন্য নির্দিষ্ট একটি বিটকয়েন ঠিকানায় ০.১ BTC পাঠানোর নির্দেশ দেওয়া হচ্ছে। এতে অনেক ব্যবহারকারী বিভ্রান্ত হয়ে পড়ছেন।

তবে প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এটি ব্যবহারকারীদের ব্যক্তিগত ডিভাইস হ্যাক হওয়ার ঘটনা নয়। বরং ওয়েবসাইটের সার্ভার বা অ্যাপ্লিকেশন স্তরে ম্যালিসিয়াস কোড ইনজেকশনের মাধ্যমে এমন বার্তা প্রদর্শিত হচ্ছে। বিষয়টি মূলত একটি নিরাপত্তা দুর্বলতার ইঙ্গিত দিচ্ছে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, অনেক ক্ষেত্রে এ ধরনের বার্তা প্রকৃত র‍্যানসমওয়্যার আক্রমণ না হয়ে থাকে, বরং ভয় দেখিয়ে অর্থ আদায়ের একটি কৌশল। সাধারণত এতে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য এনক্রিপ্ট হওয়ার ঘটনা ঘটে না।

ঘটনার পর সংশ্লিষ্টদের দ্রুত ওয়েবসাইটটি সাময়িকভাবে বন্ধ রেখে সমস্যার উৎস শনাক্ত ও সমাধানের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে সার্ভারের পাসওয়ার্ড পরিবর্তন, কোডবেস পর্যালোচনা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এ বিষয়ে দৈনিক তরুণ কণ্ঠ-এর প্রধান সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম শান্ত–এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, “আমাদের ওয়েবসাইটটি সাইবার হামলার শিকার হয়েছে। ঘটনার পরপরই আমাদের প্রযুক্তি বিভাগ দ্রুত বিষয়টি সমাধানের কাজ শুরু করেছে। ওয়েবসাইট পুনরুদ্ধার এবং নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার কাজ চলমান রয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য আমরা পাঠকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। খুব শিগগিরই সাইটটি পুনরায় স্বাভাবিকভাবে চালু করা হবে।”