অনলাইন পেজের শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা একটি মামলায় ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (১২ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত তাঁর বিরুদ্ধে সমন জারি করে আগামী ১৩ আগস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
বাদীপক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার জানান, আইনি নোটিশ পাঠিয়েও কোনো সাড়া না পাওয়ায় ২০২৫ সালের নভেম্বরে আদালতে মামলাটি করা হয়। এর পরে আদালতের নির্দেশে ডিবি পুলিশ ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদন আদালত আমলে নিয়ে তিশার বিরুদ্ধে সমন জারি করেছেন।
মামলার অভিযোগে বলা হয়, তানজিন তিশা ‘অ্যাপোনিয়া’ নামের একটি অনলাইন পেজ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি পছন্দ করেন। পরবর্তীতে চলতি বছরের ১৮ জানুয়ারি শাড়িটি তাঁর ঠিকানায় পৌঁছে দেওয়া হয়। শর্ত ছিল যে, শাড়িটি পরিধান করে তিনি পেজটির একটি বিশেষ প্রচারণা (প্রোমোশন) করে দেবেন। এ বিষয়ে তিনি নিজের ভয়েস ও টেক্সট মেসেজের মাধ্যমে পেজ কর্তৃপক্ষকে স্পষ্ট আশ্বাসও দিয়েছিলেন। তবে শাড়িটি বুঝে পাওয়ার পর দীর্ঘ সময় পার হলেও তিনি কোনো প্রচারণা করেননি। এমনকি গত ছয় মাসেরও বেশি সময় ধরে পেজ কর্তৃপক্ষের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন বলে মামলায় উল্লেখ করা হয়।
তদন্তে সত্যতা ও সমন জারি: বাদীর অভিযোগ— তানজিন তিশা প্রচারণার প্রতিশ্রুতি দিয়ে শাড়িটি আত্মসাৎ করেছেন এবং প্রতারণার মাধ্যমে বিশ্বাসভঙ্গ করেছেন। এর আগে দফায় দফায় আইনি নোটিশ পাঠানো হলেও অভিনেত্রীর পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। মামলাটি দায়েরের পর আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন এবং বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) নির্দেশ দেন।
আইনজীবী সলিমুল্লাহ সরকার জানান, ডিবি পুলিশ ঘটনাটি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেছে। ডিবির তদন্ত প্রতিবেদনে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর আদালত তা আমলে নিয়ে তানজিন তিশার বিরুদ্ধে আদালতে হাজির হওয়ার এই সমন জারি করেন।












