দাপুটে জয়ে বিশ্বকাপের শেষ ষোলোতে পা রাখলো স্পেন। শেষ ৩২-এর ম্যাচে অস্ট্রিয়াকে ৩-০ গোলে উড়িয়েছে স্প্যানিশরা। স্পেনের হয়ে জোড়া গোল করেছেন মিকেল ওইয়ারসাবাল। এছাড়া একটি গোল করেছেন পেদ্রো পোরো।
ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য ছিল স্পেনের। তবে অস্ট্রিয়ার রক্ষণ ভাঙতে কিছুটা সময় লেগেছে। অবশেষে ৩৬ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় লুইস দে লা ফুয়েন্তের দল। বাঁ দিক থেকে মার্ক কুকুরেয়ার নিচু ক্রস ১২ গজ দূর থেকে জালে পাঠান মিকেল ওইয়ারজাবাল। এর আগে কর্নার থেকে কুকুরেয়ার নেওয়া শট জালে জড়ালেও সেটি বাতিল হয়ে যায়।
এছাড়া প্রথমার্ধে অস্ট্রিয়াকে বড় ব্যবধানে পিছিয়ে পড়া থেকে বাঁচান গোলরক্ষক শ্লাগার। ওইয়ারজাবালের শট দারুণভাবে ঠেকিয়ে দেওয়ার পর বিরতির ঠিক আগে জোড়া সেভ করেন তিনি। প্রথমে অ্যালেক্স বায়েনার ফ্রি-কিক ক্রসবারে ঠেলে দেন, এরপর ফিরতি বলে লামিনে ইয়ামালের শটও রুখে দেন।
বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৬ মিনিটে আবারও গোলের দেখা পায় স্পেন। আলেক্স বায়েনার ক্রসে দুর্দান্ত এক হেডে বল জালে জড়ান এই পেদ্রো পোরো।
এরপর ম্যাচের ৮৯ মিনিটে ব্যবধান আরও বাড়ায় স্পেন। দলীয় আক্রমণ থেকে কুকুরেয়ার অ্যাসিস্টে নিজের দ্বিতীয় গোল করলেন মিকেল ওইয়ারসাবাল। এটি তার চলতি বিশ্বকাপের চতুর্থ গোল। শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন।












