বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৭ জুন বিসিবির নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
শনিবার বিসিবির প্রধান নির্বাচন কমিশনার আহসানুল করিমের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্বাচনী সূচি প্রকাশ করা হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জুন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে এবং একই দিন সন্ধ্যা ৬টায় প্রাথমিক ফলাফল প্রকাশ করা হবে। এর আগে আগামী ১৭ মে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে।
খসড়া তালিকার ওপর আপত্তি ও শুনানি শেষে ১৯ মে বিকেলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এরপর ২০ ও ২১ মে মনোনয়নপত্র বিতরণ এবং ২১ ও ২২ মে মনোনয়নপত্র দাখিলের সময় নির্ধারণ করা হয়েছে।
পরবর্তী প্রক্রিয়া হিসেবে ২৩ মে মনোনয়নপত্র বাছাই, ২৪ মে আপিল ও শুনানি এবং ২৫ মে দুপুরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় রাখা হয়েছে।
২৫ মে বিকেলেই প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং ওই দিন রাত ১২টার মধ্যে ব্যালটের জন্য আবেদন করতে হবে।
বিসিবির আগের নির্বাচনে নানা অনিয়ম প্রমাণিত হওয়ায় গত ৭ এপ্রিল তৎকালীন পরিচালনা পর্ষদ ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। এরপর বোর্ডের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা এবং ৯০ দিনের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের একটি অন্তর্র্বতীকালীন কমিটি গঠন করা হয়। সেই কমিটির অধীনেই এবার নতুন নেতৃত্ব বেছে নিতে ভোট দিতে যাচ্ছেন কাউন্সিলরেরা।












