দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। শনিবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ। এদিন সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বুলিয়ান বাজারে তেজাবি স্বর্ণের বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই এই মূল্য সমন্বয় করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত দেশের সব সোনার দোকানে এই দাম বলবৎ থাকবে।

এর আগে শুক্রবার (৭ আগস্ট) ভালো মানের এক ভরি স্বর্ণের দাম কমানো হয় ৩ হাজার ২৬৬ টাকা। তার আগে বৃহস্পতিবার (৬ আগস্ট) একই মানের স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল ৯ হাজার ৮৫৬ টাকা।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৪ হাজার ৩৭৪ টাকা বাড়ানো হয়েছে। ফলে ভ্যাটসহ এখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা দুই লাখ তেইশ হাজার পাঁচশ একচল্লিশ টাকা, ১৮ ক্যারেটের এক লাখ একানব্বই হাজার নয়শ একানব্বই টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা এক লাখ ছাপ্পান্ন হাজার আটশ বাইশ টাকায় বিক্রি করা হচ্ছে।

ক্রেতাদের অলংকার কেনার সময় নির্ধারিত মূল্যের সঙ্গে মজুরি ও সুনির্দিষ্ট ভ্যাট যুক্ত থাকবে বলে জানানো হয়েছে।

তবে স্বর্ণের দাম বাড়লেও আগের দামেই বিক্রি হচ্ছে রুপা। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম বর্তমানে ৪ হাজার ৮৯৯ টাকা। ২১ ক্যারেটের এক ভরি রুপা ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপা দাম ৩ হাজার ৩৩ টাকা।