রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী স্কুল ছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলার প্রধান অভিযুক্ত সোহেল রানা এখন দায় চাপাচ্ছেন ডলার নামে এক ব্যক্তির ওপর। সোহেলের ভাষ্য, তিনি শুধু রামিসাকে ‘দুই টুকরো’ করেছেন। ধর্ষণ এবং হত্যা করেছে ডলার নামের মিরপুরের সেই ধনাঢ্য ব্যক্তি।

আজ সোমবার সকালে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের এজলাসে নেওয়ার সময় সাংবাদিকদের এ কথা বলেন আসামি সোহেল।

তিনি বলেন, ‘আমারও দোষ আছে, ডলারেরও দোষ আছে। আমি একা দোষী না। আমি শুধু বাচ্চারে (রামিসা) দুই টুকরো করছি। ধর্ষণ করছে ডলার, মারছে ডলার।’

সোহেল আরও দাবি করেন, মেয়েটিকে (রামিসা) তার কাছে এনে দিতে পারলে ডলার তাকে ২ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। তবে সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে আসামিকে আর কথা বলতে না দিয়ে থামিয়ে দেন।

এ সময় সোহেল তার স্ত্রী স্বপ্না খাতুনকে সম্পূর্ণ ‘নির্দোষ’ বলেও দাবি করেন।

রামিসা হত্যা মামলায় ‘ডলার’ নামের কারও নাম এই প্রথম সামনে এলো। তবে এই ব্যক্তি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত আর কোনো তথ্য জানা যায়নি।

এর আগে আজ রোববার সকালে সোহেল রানা (৩১) ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে (২৬) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় আনা হয়। পরে ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন পল্লবী এলাকায় রামিসাকে ধর্ষণ ও হত্যার মামলায় এই দম্পতির বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জগঠন করেন।

আদালতের বেঞ্চ সহকারী পঙ্কজ পিটার গোমেজ জানান, অভিযোগ পড়ে শোনানোর পর দুই আসামিই নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার চান। বিচারক আগামীকাল মঙ্গলবার মামলার আনুষ্ঠানিক বিচার শুরুর প্রথম দিন ভুক্তভোগী শিশুর বাবা আবদুল হান্নান মোল্লা আদালতে সাক্ষ্য দেবেন।