আগামীকাল বুধবার দেশে বিদ্যুতের পাইকারি, সঞ্চালন ও খুচরা মূল্যহার পুনর্র্নিধারণের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিকেল ৩টায় এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এই সিদ্ধান্ত জানাবে।

আজ মঙ্গলবার বিদ্যুৎ খাতের এই নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পাওয়ার গ্রিড বাংলাদেশ, পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ডেসকো, ডিপিডিসি, ওজোপাডিকো এবং নেসকোর মতো বিদ্যুৎ বিতরণ ও সঞ্চালনকারী প্রতিষ্ঠানগুলো মূল্যহার পরিবর্তনের জন্য কমিশনের কাছে প্রস্তাব জমা দিয়েছিল।

গ্রাহক ও অংশীজনদের মতামত জানতে গত ২০ ও ২১ মে এই প্রস্তাবগুলোর ওপর গণশুনানি অনুষ্ঠিত হয়। সেই শুনানির পর সার্বিক পরিস্থিতি বিবেচনা করে চূড়ান্ত করা কমিশনের এই সিদ্ধান্ত আগামীকাল বিকেলে সংস্থার কার্যালয়ের শুনানি কক্ষে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।