ইয়েমেনে হুথিদের লক্ষ্য করে পরিচালিত মার্কিন বিমান হামলায় অন্তত ১৫৩ জন বেসামরিক নাগরিক নিহত এবং ২৪৩ জন আহত হয়েছেন। পেন্টাগনের একটি অভ্যন্তরীণ নথির বরাতে মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য হিল’ এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে।

মার্কিন কংগ্রেসের কাছে জমা দেওয়া পেন্টাগনের ১২ পৃষ্ঠার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের এপ্রিল মাসে সামরিক অভিযান চলাকালীন তিনটি পৃথক বিমান হামলায় এসব প্রাণহানির ঘটনা ঘটে।

পেন্টাগনের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ৬ এপ্রিল রাজধানী সানায় একটি বিমান হামলা চালানো হয়। এতে পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হন।

এরপর ১৭ এপ্রিল রাস ইসা বন্দরে হামলা চালানো হয়। ওই হামলায় নিহত হন ৮০ জন।

২৮ এপ্রিল সাদার কাছে আরেকটি বিমান হামলা চালানো হয়। এতে ৪৭ জন নিহত হন।

এই তিনটি ঘটনায় মোট ১৫৩ জন বেসামরিক নাগরিক নিহত হন। আহত ২৪৩ জনও এসব হামলার ঘটনায় হতাহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পেন্টাগন জানিয়েছে, সামরিক অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট আরো ১৫টি ঘটনা এখনো পর্যালোচনার অধীনে রয়েছে। এসব ঘটনায় বেসামরিক হতাহতের বিষয়ে তদন্ত চলছে।