দীর্ঘ পাঁচ মাস ধরে চলমান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সামরিক সংঘাতের মধ্যে তেহরানের সক্ষমতা নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমার মনে হয় ইরানের সঙ্গে যুদ্ধটা খুব শিগগিরই শেষ হবে। আমি মনে করি না তারা আর খুব বেশি দিন এটা চালিয়ে যেতে পারবে।”
বৃহস্পতিবার (৬ আগস্ট) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের এ কথা বলেন ট্রাম্প। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরান প্রসঙ্গে ট্রাম্প বলেন, যুদ্ধটি দ্রুতই শেষ হওয়ার পথে। তার ভাষায়, ইরান আর দীর্ঘ সময় এই সংঘাত চালিয়ে যেতে পারবে না।
ইরানের সঙ্গে যুদ্ধ কতদিন চলতে পারে—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি এটি খুব শিগগিরই শেষ হতে চলেছে। আমার মনে হয় না তারা আর বেশিদিন চালিয়ে যেতে পারবে।’
এ সময় যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, নির্দিষ্ট কিছু অত্যন্ত শক্তিশালী অস্ত্রের পর্যাপ্ত সরবরাহ যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে। এসব অস্ত্রের ক্ষেত্রে সরবরাহ প্রায় সীমাহীন বলেও দাবি করেন তিনি।
তবে একই সঙ্গে ট্রাম্প স্বীকার করেন, সব ধরনের অস্ত্রের মজুত সমান নয়। কিছু অস্ত্রের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সরবরাহ সীমিত রয়েছে।
ট্রাম্প বলেন, ‘আমাদের কাছে কিছু নির্দিষ্ট ধরনের অত্যন্ত শক্তিশালী অস্ত্র রয়েছে, যেগুলোর সরবরাহ আমাদের কাছে সীমাহীন, কার্যত অসীম। অন্যগুলোর ক্ষেত্রে সরবরাহ কিছুটা সীমিত।’
ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্য যুদ্ধের ভবিষ্যৎ গতিপথ নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।












