গত কয়েকদিনের তুলনায় গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বেশি জাহাজ চলাচল করছে বলে জানিয়েছে সামুদ্রিক গোয়েন্দা সংস্থা উইন্ডওয়ার্ড। সামুদ্রিক গোয়েন্দা সংস্থা উইন্ডওয়ার্ড জানিয়েছে, গত বুধবার হরমুজ দিয়ে ১৬টি জাহাজ পার হয়েছে। এটি টানা তিনদিনের বৃদ্ধি সূচক। সবগুলো জাহাজই ইরানের সঙ্গে সমঝোতা করে চলেছে।
সংস্থার তথ্য অনুযায়ী, গত বুধবার পার হওয়া ১৬টি জাহাজের সবগুলো ব্যবহার করেছে লারাক দ্বীপের রুটটি। যা নির্দেশ করছে আরও বেশি দেশ ইরানের সঙ্গে ‘নিজেদের জাহাজ চালাতে আলোচনা করছে’। এতে বলা যায় সামনের দিনগুলোতে ট্রানজিটের পরিমাণ বাড়তে পারে। অর্থাৎ ইরানের সঙ্গে সমঝোতা করে বর্তমানের চেয়ে আরও বেশি জাহাজ গুরত্বপূর্ণ ওই রুট ব্যবহার করতে পারবে।
যদিও জাহাজের সংখ্যা বেড়েছে, তা সাধারণ সময়ের তুলনায় এখনও কম। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর আগে ২৮ ফেব্রুয়ারি হরমুজ দিয়ে দৈনিক প্রায় ১৩০টি জাহাজ পার হতো।
ইরান জানিয়েছে, যুদ্ধের পর বিশ্বের সব দেশ তাদের সঙ্গে সমঝোতা করে এবং টোল দিয়ে জাহাজ চালাতে পারবে, তবে তারা তাদের শত্রু ও মিত্রদের জাহাজ বাদ দিয়েছে।
হরমুজ প্রণালি বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রুট। এখান দিয়ে উপসাগরীয় দেশগুলোর তেল ও গ্যাস এশিয়াসহ অন্যান্য স্থানে পৌঁছায়।












