ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জানজান প্রদেশে এক ভয়াবহ বিস্ফোরণে ইসলামি রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ১৪ জন সদস্য নিহত হয়েছেন। প্রদেশটিতে ছড়িয়ে থাকা অবিস্ফোরিত বোমা ও মাইন অপসারণের সময় এই দুর্ঘটনা ঘটে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ এজেন্সির বরাতে আল-জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনায় আরও দুই সদস্য আহত হয়েছেন। নিহতরা আইআরজিসি’র একটি বিশেষ ইউনিটের সদস্য ছিলেন, যাঁদের ওই এলাকা থেকে অবিস্ফোরিত বোমা ও মাইন অপসারণের দায়িত্ব দেওয়া হয়েছিল।
সংবাদ সংস্থাটি আরও জানিয়েছে, ওই এলাকায় ছড়িয়ে থাকা অবিস্ফোরিত বোমার কারণে প্রায় ১ হাজার ২০০ হেক্টর কৃষিজমি ঝুঁকির মুখে ছিল। মূলত সেই কৃষিজমিগুলো নিরাপদ করতেই এই বিশেষ অভিযান চালানো হচ্ছিল।
জানজান শহরে যে এলাকায় বিস্ফোরণ ঘটেছে— সেখানে বেশ কিছু ক্লাস্টার বোমা এবং এয়ার-ড্রপড মাইন রয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত ২৮ এপ্রিল থেকে শুরু হওয়া ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের সময় ওই এলাকায় বেশ কিছু বোমা ফেলেছিল মার্কিন বিমানবাহিনী— যেগুলো অবিস্ফোরিত থেকে গেছে।
টানা ৪০ দিন যুদ্ধের পর গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ইরান। জানজান শহরের ঘটনাকে চলমান যুদ্ধবিরতি পরিস্থিতিতে আইআরজিসির সবচেয়ে বড় ক্ষয়ক্ষতির ঘটনা বলে উল্লেখ করা হয়েছে ইরানি সংবাদমাধ্যমগুলোতে।
যুদ্ধবিরতির পর থেকেই দেশের বিভিন্ন স্থানে অবিস্ফোরিত বোমার অনুসন্ধান এবং সেগুলো নিষ্ক্রিয় করার কাজ শুরু করে রেভল্যুশনারি গার্ড কোরের সদস্যরা। আইআরজিসির তথ্য অনুসারে, এ পর্যন্ত ১৫ হাজারেরও বেশি অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করেছে বাহিনীর বোমা বিশেষজ্ঞ টিম।











