এবার ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইরান যুদ্ধ শুরু হওয়ার পর ইয়েমেন থেকে ইসরায়েলে প্রথমবার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলো। খবর বিবিসির।
ইসরায়েলি সামরিক বাহিনী টেলিগ্রামে এক পোস্টে লিখেছে, আইডিএফ ইয়েমেন থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। এই হুমকি প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর এক মুখপাত্রের ঘোষণার পরই এই হামলার ঘটনা ঘটলো। এর আগে হুথিরা সতর্ক করেছিল যে, ইরানে হামলা অব্যাহত থাকলে তারাও মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রবেশ করবে।
দ্য জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, ইয়েমেন থেকে শনিবার সকালে ইসরায়েলি অঞ্চল লক্ষ্য করে একটি মিসাইল হামলা চালানো হয়েছে। হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
এক মাস আগে ইরানে অপারেশন রোরিং লায়ন শুরু হওয়ার পর এই প্রথম ইয়েমেন থেকে এ ধরনের হামলা চালানো হলো। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, মিসাইল প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সচল করা হয়। এছাড়া বীরশেবা ও নেগেভে সাইরেন বাজানো হয়।












