পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিমস) হাসপাতালের গাইনি ওয়ার্ডের নার্সারিতে অগ্নিকাণ্ডে অন্তত ১৫ নবজাতকের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে হাসপাতালের মাতৃ ও শিশু স্বাস্থ্য (এমসিএইচ) ওয়ার্ডের তৃতীয় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পিমস হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার সময় নার্সারিতে ১৬ জন নবজাতক ছিল। তাদের মধ্যে একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকারী কর্মকর্তারা জানান, সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে নার্সারির একটি এয়ার কন্ডিশনারের কম্প্রেসার বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়।
উদ্ধারকারী দল সূত্রে জানা গেছে, সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত। ধারণা করা হচ্ছে, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) কম্প্রেসর বিস্ফোরণের পর ওই কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা গেছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, হাসপাতালটির এমসিএইচ ওয়ার্ডের তৃতীয় তলায় লাগা আগুনে ১৪ শিশু পুরোপুরি দগ্ধ হয়েছে। খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের ছয়টি গাড়ি ও চারটি অ্যাম্বুলেন্স সেখানে উদ্ধারকাজে অংশ নেয়। অগ্নিকাণ্ডের কারণ তদন্তে অতিরিক্ত ডেপুটি কমিশনারের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগুনের সূত্রপাত, দুর্ঘটনার কারণ এবং এ ঘটনায় কোনো ধরনের গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখবে।
ঘটনার পর সংশ্লিষ্ট এমসিএইচ ওয়ার্ড সিলগালা করে দেওয়া হয়েছে। এদিকে নিহত শিশুদের অভিভাবকদের অভিযোগ, আগুন লাগার সময় ইনকিউবেশন সেন্টারে কোনো কর্মী উপস্থিত ছিলেন না। তবে এ অভিযোগের বিষয়ে তদন্ত কমিটির প্রতিবেদনের আগে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো হয়নি।
মর্মান্তিক এ ঘটনায় তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। একই সঙ্গে ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। নিহত নবজাতকদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।












