ঈদের আনন্দ প্রিয়জনের সঙ্গে ভাগাভাগি করে নিতে বাড়ির পথে ছুটতে শুরু করেছেন ঢাকার কর্মজীবী মানুষ। ঈদের আগে গতকাল সোমবার ছিল শেষ কর্মদিবস। তাই অফিস শেষ করেই সোজা বাড়ির পথে রওনা হয়েছেন অনেকে। এতে করে রাজধানী ফাঁকা হতে শুরু করেছে। আর চাপ বাড়ছে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কগুলোয়।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল থেকেই রাজধানীর গাবতলী, সায়েদাবাদ, মহাখালী ও গুলিস্তান বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে।

তবে ছুটি শুরুর সঙ্গে সঙ্গে অফিস-আদালত বন্ধ হয়ে যাওয়ায় শহরের সড়কগুলোতে যানবাহনের চাপ কমে এসেছে। কোথাও কোথাও দেখা গেছে প্রায় ফাঁকা রাস্তা।

সরেজমিনে রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা যায়, সড়কে যাত্রীবাহী বাস কম দেখা গেছে, মূল সড়কে অটোরিকশার দৌড়াত্ম্য চোখে পড়ার মতো।

পরিবহন সংশ্লিষ্টরা জানান, এবার ঈদের আগে ছুটি অনেক। এ কারণে খুব বেশি চাপ নেই। ঈদের আগের দুই-তিন দিন সবচেয়ে বেশি যাত্রী চাপ থাকবে। যাত্রীরা যাতে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারেন, সেজন্য অতিরিক্ত ট্রিপ পরিচালনা করবে।

এদিকে, রাজধানীর বিভিন্ন মার্কেট ও শপিংমলেও কেনাকাটার শেষ মুহূর্তে ভিড় লক্ষ্য করা গেছে।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদযাত্রা নিরাপদ করতে সড়ক, রেল ও নৌপথে বাড়তি নজরদারি রাখা হয়েছে। পাশাপাশি রাজধানীতে চুরি-ডাকাতি প্রতিরোধে টহল জোরদার করা হয়েছে।