আগামী ২ জুলাই থেকে ২০২৬ সালের এইচএসসি (উচ্চ মাধ্যমিক) ও সমমানের পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পাঁচ সপ্তাহ ধরে চলবে এই পরীক্ষা।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে শনিবার (১৮ এপ্রিল) সচিবালয়ে আসন্ন এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে এক সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় এইচএসসি পরীক্ষা পেছানো ও পরীক্ষার রুটিন কেমন হবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম কামাল উদ্দিন বলেন, সভায় সিদ্ধান্ত হয়েছে আগামী ২ জুলাই থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষা শুরু করার। এবারের এইচএসসি পরীক্ষায় প্রথমবারের মতো দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মোট ১১টি বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র থাকলেও সাধারণ বোর্ডগুলোতে আলাদা আলাদা প্রশ্নে পরীক্ষা হতো।