এই দেশ আমাদের, তাই অন্য কেউ এটি গড়ে দিয়ে যাবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ফ্যাসিবাদী শাসন থেকে তরুণদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে জেসিআই কার্নিভালে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যম দেশের মানুষকে বিভ্রান্ত করবে বলে মন্তব্য করে তিনি এসব বিষয় নিয়ে সবাইকে চিন্তার পরামর্শ চান। মির্জা ফখরুল বলেন, পলিটিক্সের অনেক কচকচানি থাকবে। পার্লামেন্টের কথা শুনলে আপনাদের অনেক ভালো লাগবে, অনেকে ভালো লাগবে না। রাস্তায় বিভিন্ন বক্তৃতা শুনলে আপনাদের মনে হবে যে এটা আবার কি হলো? যা আমরা আশা করিনি। টেলিভিশনের টকশো আপনাদেরকে বিভ্রান্ত করবে। আরও বেশি বিভ্রান্ত করবে আপনাদের সোশ্যাল মিডিয়া।
এ সময় দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ উল্লেখ করে স্থানীয় সরকারমন্ত্রী জানান, বিপুল জনগোষ্ঠী ও সীমিত খনিজসম্পদ সত্ত্বেও ১৮ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এক বড় অর্জন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের পথ ধরেই দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়েছে।
তিনি বলেন, স্বাধীনতার পরে আমরা জোড় গলায় বলতে পারছি না, ৫৬ বছরে আমরা খুব ভাল করেছি। হতাশ না হয়ে নতুন উদ্যোগের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে হবে।












