দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত এই রোগটিতে মোট ৫০ জনের মৃত্যুবরণ করেছে। বুধবার (২৯ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫০ জনে। মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ২৩ জন, ময়মনসিংহ বিভাগের ছয়জন, চট্টগ্রাম বিভাগের পাঁচজন, খুলনা বিভাগের আটজন, রাজশাহী বিভাগের একজন, রংপুর বিভাগের একজন এবং বরিশাল বিভাগের ছয়জন।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ৫৩৪ জনের মধ্যে ঢাকা বিভাগের ২৫২ জন, ময়মনসিংহ বিভাগের ৩৭ জন, চট্টগ্রাম বিভাগের ৭১ জন, খুলনা বিভাগের ৪৫ জন, রাজশাহী বিভাগের ৩০ জন, রংপুর বিভাগের ২৬ জন, বরিশাল বিভাগের ৬৮ জন এবং সিলেট বিভাগের ৫ জন রোগী রয়েছেন।
এদিকে চলতি বছরে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৪ হাজার ৬৯০ জন। এর মধ্যে ঢাকা বিভাগের ৫ হাজার ৫২০ জন, ময়মনসিংহ বিভাগের ৬০৯ জন, চট্টগ্রাম বিভাগের ২ হাজার ৫১১ জন, খুলনা বিভাগের ১ হাজার ৮৭৯ জন, রাজশাহী বিভাগের ৫৩৪ জন, রংপুর বিভাগের ৩১২ জন, বরিশাল বিভাগের ৩ হাজার ২৩১ জন এবং সিলেট বিভাগের ৯৪ জন রোগী রয়েছেন।











