প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা ১৯৭১ সালে দেশ স্বাধীন করেছি। আবার ২০২৪ সালের আন্দোলনের মাধ্যমে দেশকে স্বৈরাচারমুক্ত করেছি। এখন সময় দেশ গড়ার, মানুষের ভাগ্য পরিবর্তনের। শনিবার (১৬ মে) চাঁদপুর সরকারি কলেজ মাঠে উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশে একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, সতর্ক থাকুন। রাজনীতির নামে যদি কেউ বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, রাজনীতির নামে যদি কেউ অরাজকতা সৃষ্টি করতে চায়, আপনারা কি বসে থাকবেন? আমরা কেউ বসে থাকব না। শক্ত হাতে প্রতিহত করব।’
তিনি আরও বলেন, বিএনপির প্রতিটি কর্মসূচি দেশের খেটে খাওয়া মানুষের কল্যাণকে কেন্দ্র করেই গ্রহণ করা হয়েছে। বিএনপি যেসব কর্মসূচি গ্রহণ করেছে, প্রত্যেকটি কর্মসূচিই এ দেশের সাধারণ মানুষের জন্য। এ লক্ষ্যেই আমরা আন্দোলন করেছি। আন্দোলনে বাংলাদেশের লাখ লাখ মানুষ প্রাণ দিয়েছে, অসংখ্য মানুষ আহত ও ক্ষতিগ্রস্ত হয়েছে- বলেন তিনি।
তিনি বলেন, দেশের উন্নয়ন ও মানুষের জীবনমান পরিবর্তনের জন্য রাজনীতিকে মানুষের কল্যাণমুখী হতে হবে এবং জনগণকে সঙ্গে নিয়েই সেই লক্ষ্য বাস্তবায়ন করতে হবে।
তারেক রহমান বলেন, শুধু প্রতিশ্রুতি দিলেই হবে না, বাস্তবায়নের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে হবে। আমরা যা কিছু বলেছি, সেগুলো বাস্তবায়ন করতে পারলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব হবে। এখন সময় কাজ করার, দেশ গড়ার এবং মানুষের জীবনমান উন্নয়নের।
তিনি আরও বলেন, দেশের উন্নয়নে বিদেশের দিকে তাকিয়ে থাকলে চলবে না। নিজেদের শ্রম, দক্ষতা ও ঐক্যের মাধ্যমেই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। বাইরে থেকে কেউ এসে আমাদের দেশ গড়ে দিয়ে যাবে না। আমাদের দেশ আমাদেরই গড়তে হবে। দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে শ্রমশক্তিতে রূপান্তর করতে পারলেই মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব।
তিনি বলেন, আপনাদের সামনে স্পষ্ট করে বলতে চাই, ২০২৬ সালের নির্বাচনে আমরা জনগণকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম, দেশের মানুষ তার পক্ষে রায় দিয়েছে। এখন সেই প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আনম এহছানুল হক মিলন, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য জেলা সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য জালাল আহমেদ,সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাশেদ বেগম হীরা, চাঁদপুরের জেলা পরিষদের প্রশাসক সলিম উল্যা সেলিম এবং সমাজ কল্যাণ সচিব মোহাম্মদ আবু ইউসুফ প্রমুখ বক্তব্য রাখেন।












